ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলার বিরোধী ট্রাম্প

তেহরান, ১৯ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর আর কোনো নতুন হামলা হোক তা চাইছেন না। বুধবার ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাসক্ষেত্রের স্থাপনায় ইসরায়েলের হামলার পর তার এই অবস্থানের কথা জানা যায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কঠোর বার্তা দিতে ট্রাম্প ওই হামলাকে সমর্থন জানিয়েছিলেন।
তবে সেই প্রাথমিক উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত তিনি পরবর্তী যেকোনো সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন। অন্যদিকে প্রতিবেদনে আরও বলা হয় যে ট্রাম্পের এই অবস্থান একেবারেই চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে তবে মার্কিন প্রেসিডেন্ট আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন।
এস এম/ ১৯ মার্চ ২০২৬









