টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার ধীরগতি, ২০ কিলোমিটার এলাকায় যানজট

টাঙ্গাইল, ১৯ মার্চ – ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় পরিবার-পরিজনের সঙ্গে উৎসব করতে ঘরমুখো মানুষ বাড়ির পথে ছুটছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাসসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, যাত্রীরা বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। মহাসড়কে বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা গেছে। অনেক যাত্রী ভাড়ায়চালিত মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করছেন। যানবাহনের সংকট ও বাড়তি ভাড়ার কারণে অনেকে খোলা ট্রাক ও পিকআপে করে যাচ্ছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ছিল ৩২ হাজার ৮৪০টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। আগের দিনের তুলনায় বুধবার ৪ হাজার ৬৪১টি বেশি যানবাহন পারাপার হয়েছে।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে সেতু দিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৬২৫টি যানবাহন পার হয়েছে এবং এতে টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ার কারণে রাত থেকে ভোর পর্যন্ত এই ধীরগতির সৃষ্টি হয়েছিল।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যাতে যানজট না হয়, সে জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং চালক-যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারেন সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language