জাতীয়

দেশজুড়ে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা, ১৮ মার্চ – সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দেওয়া তথ্যমতে লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অপর সাতটি বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দিনও দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language