প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশাবাদী বিডা চেয়ারম্যান, ১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা

ঢাকা, ১৭ মার্চ – বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি তা নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি জানিয়েছেন পূর্বে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকলেও গত এক মাসে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং সরাসরি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার কাজ করার সুযোগ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এসব কথা জানান। আশিক চৌধুরী তার পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কিছু নেতৃত্বের গুণাবলি তাকে দারুণভাবে আশাবাদী করেছে।
প্রথমত তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং কারও ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না। দ্বিতীয়ত তার আলোচনা সর্বদা ফলাফলকেন্দ্রিক হয়ে থাকে। যেকোনো উদ্যোগে কী ফলাফল আসবে এবং তা কত দ্রুত অর্জন করা সম্ভব সে বিষয়ে তিনি জোর দেন। তৃতীয়ত তিনি দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব প্রদানে বিশ্বাসী। সময়ানুবর্তিতা, শিষ্টাচার এবং অনাড়ম্বর মানসিকতার মতো বিষয়গুলো তিনি নিজেই চর্চা করেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান সাম্প্রতিক একটি বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে তাদের ১৮০ দিনের পরিকল্পনা তুলে ধরেছেন।
সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি আগামী ছয় মাসের বেশ কিছু প্রতিশ্রুতি জনসমক্ষে প্রকাশ করেছেন। বিশ্বব্যাপী সরাসরি বিদেশি বিনিয়োগ নিম্নমুখী হওয়ার কারণে তারা বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অধিক মনোযোগ দিচ্ছেন।
জ্বালানি ঘাটতির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ২৫টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সরকারি বন্ধ ও রুগ্ণ শিল্পকারখানাগুলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া, ফ্রি ট্রেড জোন ও সমরাস্ত্র শিল্প নীতিমালা প্রণয়ন, বিকল্প জ্বালানি অনুসন্ধান এবং দুর্নীতি রোধ ও সময় বাঁচাতে সমুদ্রবন্দর ও বিমানবন্দরে আধুনিক ব্যবস্থাপনা চালু করা।
এছাড়া প্রধানমন্ত্রীর জন্য প্রাইভেট সেক্টর অ্যাডভাইসরি কাউন্সিল গঠন, ব্যবসা সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজ এর সম্প্রসারণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সম্পন্ন করার কথাও তিনি জানিয়েছেন।
আগামী ছয় মাস পর নিজেদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে একটি ফলাফল প্রতিবেদন প্রকাশ করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবশেষে ব্যক্তিগত একটি বিষয় উল্লেখ করে তিনি জানান স্কাইডাইভিং করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি পেয়েছেন এবং ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো ছবি তোলা সম্ভব হয়নি।
এ এম/ ১৭ মার্চ ২০২৬









