ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদ উদ্যাপন করতে পারায় স্বস্তি প্রকাশ এনসিপি আহ্বায়কের

ঢাকা, ২১ মার্চ – ফ্যাসিবাদমুক্ত একটি দেশে ঈদের আনন্দ উদ্যাপন করতে পারা অত্যন্ত স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন। নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের পথে না হাঁটে, তবে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধী দল হিসেবে সরকারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে।
অন্যদিকে বর্তমান সরকারের সার্বিক গতিবিধি মূল্যায়নের জন্য তাদের আরও সময় দেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ এম/ ২১ মার্চ ২০২৬









