জাতীয়

এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, মানুষ শান্তিতে আছে: আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২১ মার্চ – এবারের ঈদে দেশে চাঁদাবাজির ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যে পরিমাণ দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তার তুলনায় দেশের মানুষ অনেক শান্তিতে ও নিরাপদে ঈদ উদযাপন করতে পারছে।

বিগত সময়ের চেয়ে এবারের ঈদ অনেক বেশি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে মো. আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি।

তবে লঞ্চ দুর্ঘটনাসহ বিচ্ছিন্ন দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও স্পষ্ট করেন যে, রাষ্ট্র এবং সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে।

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

এ এম/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language