ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে হিজবুল্লাহর রেকর্ড ৫৫ বার হামলা

বৈরুত, ২১ মার্চ – ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে রেকর্ড ৫৫ বার হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি লেবানন সীমান্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে এটিই সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা।
শনিবার লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তারা হিজবুল্লাহর ব্যাপক হামলার মুখে পড়ে। এই সময় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিকে সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তেও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। অন্যদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
এর ফলে লেবাননের সামগ্রিক পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। এছাড়া শনিবার রাজধানী বৈরুতে দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এই হামলার ফলে ওই অঞ্চলে সংঘাতের তীব্রতা নতুন করে অনুভূত হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
এ এম/ ২১ মার্চ ২০২৬





