হরমুজ প্রণালি বন্ধ: বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দামের রেকর্ড

তেহরান, ১৭ মার্চ – ইরান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এবং বাণিজ্য মন্দা থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে ব্রেন্ট বেঞ্চমার্ক তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এশীয় শোধনাগারগুলোতে এই আকস্মিক মূল্যবৃদ্ধি খরচ বাড়িয়ে দিচ্ছে, যার ফলে তারা বিকল্প বাজার খুঁজতে বা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের তথ্য অনুযায়ী, সোমবার মে মাসের কার্গোর জন্য দুবাইয়ের ক্রুডের স্পট দাম প্রতি ব্যারেল ১৫৩ দশমিক ২৫ ডলারে নির্ধারিত হয়েছে। এটি ২০০৮ সালের ব্রেন্ট ফিউচার্সের সর্বোচ্চ ১৪৭ দশমিক ৫০ ডলারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সোয়াপের তুলনায় দুবাইয়ের প্রিমিয়াম দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৫৬ দশমিক ০১ ডলার, যা অপরিশোধিত তেলের মোট মূল্যের প্রায় এক তৃতীয়াংশ। একইভাবে ওমানের অপরিশোধিত তেলের দাম রেকর্ড ব্যারেলপ্রতি ১৪৭ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।
সংযুক্ত আরব আমিরাতের মুরবান ফিউচার্সের সাথে দামের বিশাল ব্যবধানের কারণে দুবাইয়ের তেলের দাম অস্বাভাবিক দেখাচ্ছে বলে একাধিক বাণিজ্য সূত্র জানিয়েছে। অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্যমতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় মার্চ মাসে এশিয়ায় মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি কমে দৈনিক ১১ দশমিক ৬৬৫ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। কিছু শোধনাগার সূত্র এই মূল্যবৃদ্ধির জন্য প্ল্যাটস মার্কেট অন ক্লোজ প্রক্রিয়ার সময় সরবরাহ কমে যাওয়াকে দায়ী করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, দুর্বল বাণিজ্যের কারণে এটি একটি অস্বাভাবিক এবং অন্যায্য মূল্য নির্ধারণ। এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির একজন মুখপাত্র জানিয়েছেন যে, প্ল্যাটস দুবাই স্পট মার্কেটে লেনদেন হওয়া মধ্যপ্রাচ্যের সাওয়ার ক্রুডের মূল্যকে সঠিকভাবে প্রতিফলিত করছে। ফরাসি প্রতিষ্ঠান টোটালএনার্জিস এই মাসে বিপুল পরিমাণ ক্রুড কার্গো কিনে নিলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে এশীয় শোধনাগারগুলো সরবরাহের জন্য মরিয়া হয়ে ওঠায় আমেরিকা ও আফ্রিকা থেকে আসা অপরিশোধিত তেলের স্পট দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬









