ঠাকুরগাঁও

হরিপুরে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঠাকুরগাঁও, ১৭ মার্চ – ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি এবং ঝড়ে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে এই শিলাবৃষ্টি শুরু হয়। এর ফলে আমের মুকুলের পাশাপাশি মাঠের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া বইতে শুরু করে।

এরপর রাত সাড়ে ৯টা থেকে প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। কৃষকদের মতে, শিলার আঘাতে ভুট্টা, গম এবং আমের মুকুলসহ মাঠের বিভিন্ন উঠতি ফসলের ক্ষতি হবে। এতে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language