জাতীয়

আজ পবিত্র শবে কদর


ঢাকা, ১৬ মার্চ – আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হবে এই মহিমান্বিত রজনী। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।

মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত অনেক বেশি উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় বলে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন।

পবিত্র এই রাতে ইবাদত ও বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই রাতে নাজাত বরকত ও মাগফেরাত অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতে মশগুল থাকবেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে মুসলমানরা রাত জেগে মসজিদ ও বাসাবাড়িতে ইবাদত করবেন।

এই রাতে মূলত নফল নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত জিকির দোয়া মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করা হয়। পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই মহিমান্বিত রজনী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল ধর্মীয় বয়ান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। তারাবির নামাজের পর থেকে দেশের সব মসজিদেই এমন আয়োজন থাকবে।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিক সংবাদপত্রগুলোতেও বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language