মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার আহ্বান ট্রাম্পের

ওয়াশিংটন, ১৬ মার্চ – ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনারও আহ্বান জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন গণমাধ্যমগুলো ইরানের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। তার দাবি, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপতথ্য ছড়াচ্ছে।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ইরান ভুয়া সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সমুদ্রে জ্বলতে থাকার দৃশ্য তৈরি করেছে। যেসব সংবাদমাধ্যম এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা উচিত। তিনি আরও উল্লেখ করেন, বাস্তবে ইরান ধ্বংসের পথে রয়েছে। তারা কেবল এআই দ্বারা তৈরি করা কাল্পনিক যুদ্ধেই জয়ী হচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত গণমাধ্যমগুলো তা প্রচার করে যাচ্ছে। এছাড়া অপতথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স পর্যালোচনার ঘোষণা দেওয়ায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থার প্রধান ব্রেন্ডন কারের প্রশংসাও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এস এম/ ১৬ মার্চ ২০২৬









