পশ্চিমবঙ্গে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়ল ৫০০ রুপি

কলকাতা, ১৫ মার্চ – ভারতের পশ্চিমবঙ্গের পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ রুপি বৃদ্ধি করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানান যে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ রুপি বাড়িয়ে আগামী মাস থেকে মোট ২০০০ রুপি করে দেওয়া হবে।
এছাড়া যেসব পুরোহিত এবং মুয়াজ্জিন নতুন করে যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদনও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে তারা এমন একটি পরিবেশ গড়ে তুলতে পেরে গর্বিত যেখানে প্রতিটি সম্প্রদায় এবং তাদের ঐতিহ্যকে যথাযথ মূল্যায়ন করা হয়। রাজ্যের আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাদের প্রাপ্য স্বীকৃতি ও প্রয়োজনীয় সহায়তা পান সেই লক্ষ্যে সরকারের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশ্বাস দেন।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









