মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি ব্যবহারে নতুন শর্ত দিচ্ছে ইরান, লেনদেন হতে পারে ইউয়ানে

তেহরান, ১৪ মার্চ – কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে নতুন শর্ত বিবেচনা করছে ইরান। তেলবাহী ট্যাংকারের লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হলে নির্দিষ্ট কিছু জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা জানান যে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে তেহরান নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা হলে নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে। বর্তমানে বিশ্বজুড়ে তেলের বাজার মূলত মার্কিন ডলারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে ইরান সেই প্রথা থেকে সরে গিয়ে বিকল্প পথ খোঁজার ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তাদের তেল রুবল বা ইউয়ানে বিক্রি শুরু করে। একই ধরনের কৌশল অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে ইরান।

এস এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language