জাতীয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কতা জারি

ঢাকা, ৭ মার্চ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ফোনকলের মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য শুক্রবার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি নির্দিষ্ট নম্বর (০১৮২৬০৯৫৩১৮) থেকে সম্প্রতি প্রতিমন্ত্রীর নাম কিংবা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের ফোন করা হচ্ছে।

এসব ফোনকলে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এমন কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কেউ এ ধরনের প্রতারণামূলক কল বা প্রলোভন পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language