দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ভারত মহাসাগর, ২১ ফেব্রুয়ারি – দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে দেশের কিছু অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে শনিবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টিপাতে প্রবণতা বুধবার ২৫ ফেব্রুয়ারিও অব্যাহত থাকতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও হ্রাসের ইঙ্গিত দেওয়া হয়েছে।
এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬









