প্রাথমিকের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এই সংশোধিত তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন ঘোষিত তালিকা অনুযায়ী শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতীত বছরে মোট ৬৭ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে অর্থাৎ টানা ২৬ দিন শিক্ষার্থীরা অবকাশ যাপন করবে যা সাপ্তাহিক ছুটিসহ ৩৬ দিনে গড়াবে।
প্রজ্ঞাপনের নির্দেশনায় জানানো হয় যে শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলবৎ থাকবে। সাপ্তাহিক ছুটি ছাড়া বছরে মোট ৬৭ দিন ছুটি থাকলেও কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না। এছাড়া সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা কিংবা তাদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয় যে ছুটির সময়ে ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলো যেমন ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের সূচি অনুযায়ী প্রথম প্রান্তিক মূল্যায়ন ৫ মে থেকে ১৭ মে এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ৩১ ডিসেম্বর বার্ষিক ফলাফল প্রকাশ করা হবে।
বছরের অন্যান্য দীর্ঘ ছুটির মধ্যে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন ছুটি থাকবে। বছরের শেষে যিশুখ্রিষ্টের জন্মদিন ও শীতকালীন অবকাশের জন্য ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া মাঘী পূর্ণিমা, শবে বরাত, বাংলা নববর্ষ, জুলাই গণঅভ্যুত্থান দিবস ও বিজয় দিবসসহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও সাধারণ ছুটি কার্যকর থাকবে।
এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









