সচিবালয়ে প্রথম অফিস ও মন্ত্রিপরিষদের বৈঠক আজ, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়, ১৮ ফেব্রুয়ারি – সদ্য গঠিত সরকারের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আজ সচিবালয়ে তাঁর প্রথম অফিস করবেন বলে জানা গেছে। সরকার গঠনের প্রথম কার্যদিবসেই তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে আজ বুধবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস শুরু করবেন। দপ্তরে উপস্থিত হয়ে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
এই সভা শেষে সচিবালয়ে দুপুরের বিরতির পর বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন।
এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









