মোংলা বন্দরে সাত মাসেই রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং, প্রবৃদ্ধি ৭৯ শতাংশ

মোংলা বন্দর, ১৭ ফেব্রুয়ারি – দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ৩১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে মোট ২১ হাজার ৬৫১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি।
গত পুরো অর্থবছরে যেখানে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল, সেখানে চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই সেই সংখ্যা অতিক্রম করা সম্ভব হয়েছে। জুলাই ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই সাত মাসে বন্দরে মোট ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। এ সময় ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি এবং ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের তুলনায় ২৫ দশমিক ০৩ শতাংশ বেশি। বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, অর্থবছরের আরও পাঁচ মাস বাকি থাকতেই গত বছরের মোট পরিসংখ্যান ছাড়িয়ে যাওয়া বন্দরের সক্ষমতা বৃদ্ধিরই প্রমাণ।
বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় তিনটি নতুন অপারেশনাল অ্যাঙ্কর বার্থ (এইচপি-১, ২ ও ৩) চালু করা হয়েছে। এসব বার্থে ৯ মিটার ড্রাফট ও ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে পারছে। বর্তমানে এই বন্দর দিয়ে খাদ্যশস্য, সার, ক্লিংকার, গাড়ি, কয়লা ও মেশিনারিজসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। পাশাপাশি চিংড়ি, পাটজাত পণ্য ও টাইলসসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের পর বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









