জাতীয়

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – বিশ্বের বিভিন্ন মেগাসিটির মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে ধুঁকছে। কিছুদিন পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হলেও সম্প্রতি আবারও বাড়ছে দূষণের মাত্রা। সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২২৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ঢাকা।

বায়ুমানের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। একই সময়ে ৩০২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সেনেগালের রাজধানী ডাকার। এছাড়া ২৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ২৫৫ স্কোর নিয়ে তৃতীয় মিশরের রাজধানী কায়রো এবং ২৫১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে কাতারের রাজধানী দোহা। পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো এবং ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। বিশেষজ্ঞারা জানান, এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতর অবস্থানের এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে স্কোর ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language