জাতীয়

রুশ তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের বিশেষ ছাড় দিল যুক্তরাষ্ট্র

ঢাকা, ১৭ এপ্রিল – রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্র গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের জন্য একটি প্রাথমিক ছাড় দিয়েছিল যার মেয়াদ গত ১১ এপ্রিল শেষ হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চলের দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানিতে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি চাহিদা মেটাতে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ গ্রহণ করে সরকার। তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ে। সমস্যা সমাধানে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি প্রার্থনা করে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে ওয়াশিংটনকে একটি আনুষ্ঠানিক চিঠিও প্রদান করা হয়েছিল।

এদিকে গত ১৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এর আগে গত ৩১ মার্চ ওয়াশিংটনে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেই বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানি মন্ত্রীকে জানান যে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সংকটময় সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় তিনি যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা কামনা করেন।

উক্ত বৈঠকে রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় কোনো দেশে পরিশোধিত হওয়ার পর আমদানির বিকল্প সুযোগগুলো নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language