উত্তর আমেরিকা

শান্তি সংলাপে হোয়াইট হাউসে বসছে ইসরায়েল ও লেবানন

ওয়াশিংটন, ১৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে একটি ঐতিহাসিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে।

গত ৪৪ বছরের মধ্যে এই প্রথম দেশ দুটি সরাসরি বৈঠকে বসছে। ট্রাম্প আশা প্রকাশ করেন যে এই বৈঠকের মাধ্যমেই ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যে ইসরায়েল ও লেবানন আপাতত ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে উল্লেখ করেন। এই যুদ্ধবিরতি ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতময় পরিস্থিতির সূত্রপাত ঘটে। এর দুই দিন পর ২ মার্চ থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের এই হামলায় গত ২ এপ্রিল থেকে এ পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন এবং ৫ হাজার ৬০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে কয়েক লাখ লেবানিজ নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language