নোয়াখালী

চাটখিলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মুদি দোকান, আড়াই লাখ টাকার ক্ষতি

নোয়াখালী, ১৫ ফেব্রুয়ারি – নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার ওই এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত দোকান মালিক টিপু সুলতানের দাবি অনুযায়ী এই অগ্নিকাণ্ডে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রবিবার তিনি চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে টিপু সুলতান দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন লাগিয়ে দিলে তা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তবে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে দোকানের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী টিপু সুলতান জানান যে দোকানের পাশেই তার একটি সিএনজি অটোরিকশার গ্যারেজ রয়েছে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সেই গ্যারেজটি রক্ষা পেয়েছে। চাটখিল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক এস আই জহির অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language