দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১ হাজার ছাড়াল

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেট মানের স্বর্ণের ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়। বাজুস জানায় যে স্বর্ণের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নিয়ম অনুযায়ী ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি ভিন্ন হতে পারে। এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা রাখা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









