ব্যবসা

বাজারে ফের উত্তাপ: বৃষ্টি ও সরবরাহ সংকটে সবজি মাছ মুরগির দাম চড়া

ঢাকা, ১৭ জুলাই – টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষিজমির ক্ষয়ক্ষতি এবং পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ সংকটের কারণে সবজির পাশাপাশি মাছ, মুরগি ও কাঁচা মরিচের দামও বাড়তি। একই সঙ্গে ডিমের দামও গত কয়েক দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার ঢাকার রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়া অনেক সবজির দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে।

ঢেঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, বেগুন জাতভেদে ৮০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা এবং কচুরলতি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম।

এক সপ্তাহ আগে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। সবজি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আড়তে সরবরাহ কমে গেছে এবং পাইকারি দাম বেড়েছে। সবজির পাশাপাশি মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম লক্ষ করা গেছে।

পাঙাশ মাছ সাইজভেদে ২০০ থেকে ২৫০ টাকা, মাঝারি ও বড় সাইজের তেলাপিয়া ২২০ থেকে ২৬০ টাকা এবং রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। ডিমের দামও ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকা হয়েছে। বিক্রেতারা আশঙ্কা করছেন সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।

এস এম/ ১৭ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language