শিক্ষা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। এই কার্যক্রম চলবে আগামী ২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে তিন দফায় সময় বাড়িয়ে গত ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার আবেদনের সুযোগও রাখা হয়েছে। বিস্তারিত তথ্যাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language