এশিয়া

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম বানাচ্ছে ভিয়েতনাম, ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার

ভিয়েতনাম, ১৩ ফেব্রুয়ারি – বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে ভিয়েতনাম। দেশটি বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে ট্রং ডং। পরিকল্পনা অনুযায়ী এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ৩৫ হাজার দর্শক। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়ামের মর্যাদা লাভ করবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম উত্তর কোরিয়ার রুনগ্রাদো যেখানে ১ লাখ ৩০ হাজার দর্শক বসতে পারেন।

ট্রং ডং সেই সংখ্যাকে ৫ হাজার আসনে ছাড়িয়ে গিয়ে ধারণক্ষমতার দিক থেকে নতুন বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে। স্টেডিয়ামটির নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ২০২৮ সালে এটি উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই বিশ্ববাসী এই নতুন ক্রীড়া স্থাপনাটি দেখতে পাবে। ট্রং ডং কেবল একটি ফুটবল স্টেডিয়াম নয় বরং এটি একটি বহুমাত্রিক অবকাঠামো হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে থাকবে রিট্র্যাক্টেবল ছাদ যা প্রয়োজন অনুযায়ী খোলা ও বন্ধ করা যাবে ফলে আবহাওয়াজনিত বাধা কমে আসবে।

এখানে সারা বছর ক্রীড়া ইভেন্ট ছাড়াও কমিউনিটি কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। ভিয়েতনাম সরকার এই প্রকল্পকে একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখছে যার লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করা। ফিফা ও এএফসি এবং অলিম্পিক কাউন্সিলের মতো সংস্থার কঠোর মানদণ্ড পূরণ করেই এর নকশা ও নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে। উদ্দেশ্য হলো উচ্চমানের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা অর্জন করা।

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের নতুন কেন্দ্র হতে পারে ভিয়েতনাম। বর্তমানে বিশ্বের বৃহত্তম তিন স্টেডিয়ামের তালিকায় শীর্ষে থাকা রুনগ্রাদোর পরই দ্বিতীয় স্থানে আছে মরক্কোর গ্র্যান্ড স্টেড হাসান এবং তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়াম। ট্রং ডং নির্মাণ শেষ হলে এই তালিকার শীর্ষে উঠে আসবে ভিয়েতনাম যা দেশটির অবকাঠামোগত উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language