সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে নির্বাচন অবাধ ও উৎসবমুখর করতে দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং ভোটারসহ দেশবাসী যে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, তার জন্য কমিশন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এছাড়া বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









