মুন্সিগঞ্জ

সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৯, এলাকায় পুলিশ মোতায়েন

মুন্সীগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজন টেঁটাবিদ্ধসহ অন্তত নয়জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গাজী মার্কেট এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের জেরে এলাকায় সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে রয়েছেন সোহেলের ছেলে ইমরান, হাবির ছেলে লিটন, মান্নানের ছেলে সোহাগ এবং কালাইচানের ছেলে রিয়াজুল। এছাড়া আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় রিয়াজুল ও ইমরানকে প্রথমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ব চান্দেরচর গ্রামের কালাইচান মাদবর ও জহিরুদ্দিন গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

নির্বাচনকে সামনে রেখে সেই বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। দুপুরে জহির গ্রুপের সদস্য সোহাগ গাজী মার্কেট এলাকায় কাজ করতে গেলে কালাইচান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা ও রামদা নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সোহাগকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ বেধে যায়। এতে টেঁটাবিদ্ধসহ একাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান জানান, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language