বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশের বাজারেও চড়া দর

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৫ হাজার ১২ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩ দশমিক ৭০ ডলারে। এক্সএস ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক রানিয়া গুলে এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ডলারের দরপতনকে চিহ্নিত করেছেন।
তিনি জানান, নিরাপদ আশ্রয় হিসেবে মার্কিন ডলারের দুর্বল অবস্থানের সুযোগে স্বর্ণের চাহিদায় এই জোরালো গতি দেখা যাচ্ছে। স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও বড় উত্থান লক্ষ্য করা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৮১ দশমিক ৩২ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে গত ২৯ জানুয়ারি রুপা সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারের মাইলফলক স্পর্শ করেছিল। তবে মিশ্র প্রবণতা দেখা গেছে অন্য ধাতুগুলোর ক্ষেত্রে। স্পট মার্কেটে প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৬৫ দশমিক ১০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৬৮৭ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।
এদিকে বিশ্ববাজারের প্রভাব দেশের বাজারেও দৃশ্যমান। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এসএএস/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









