অধস্তন আদালতের অবকাশকালীন ছুটিতে বড় পরিবর্তন, বছরে দুই ভাগে ছুটি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – অধস্তন আদালতের বিচারকদের বার্ষিক ছুটির নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পুরো ডিসেম্বর মাসজুড়ে আর টানা ছুটি থাকবে না। এর পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাস অবকাশকালীন ছুটি ভোগ করবেন বিচারকরা।
সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালত ছুটিতে থাকবে। চলতি বছর থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।
এছাড়া সভায় জানানো হয় যে সুপ্রিম কোর্ট সচিবালয়ে কার্যক্রম গতিশীল করতে মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদায়ন করা হবে। ইতোমধ্যে ৬ জন কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে।
সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা নির্ধারণ করা হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এই সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশগ্রহণ করেন।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









