আইন-আদালত

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে রন হক সিকদার

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ঢাকা মুখ্য মহানগর আদালতে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে রন সিকদারকে আদালতে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। একটি সাদা মাইক্রোবাসে করে রনকে আদালতে নেয়া হয়।

আরও পড়ুন : বিচারকের ওপর হামলাকারী যুবকের ৫ বছরের কারাদণ্ড

সিকদার গ্রুপের এমডি রন হকের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার মামলা আছে। মামলাটিতে তার ভাই দিপু হক সিকদারও আসামি। তবে তিনি এখনো পলাতক।

সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদার গত মঙ্গলবার দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান। আজই দুবাই থেকে তার মরদেগ ঢাকায় আসার কথা রয়েছে। এরপর গ্রামের বাড়ি শরীয়তপুরে তাকে দাফন করা হবে।

বাবাকে শেষবারের মতো দেখার জন্য সকালে দেশে ফেরেন ছয় মাসেরও বেশি সময় ধরে বিদেশে অবস্থান করা রন হক সিকদার। শাহজালাল বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে নেয়া হয় আদালতে।

রন সিকদারকে বিকাল ৩টায় ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম আশেক ইমামের আদালতে হাজির করার কথা আছে।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language