আলেমদের সমর্থন জনগণকে সঠিক পথ দেখাবে: তারেক রহমান

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – দেশের সকল ধারার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রেক্ষিতে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকেলে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, জাতির এক ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেমদের এই অবস্থান জনগণকে সঠিক নির্দেশনা প্রদান করবে। তিনি উল্লেখ করেন, আলেম ওলামাদের এই সুষ্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে চলা অপপ্রচার রোধে কার্যকর ভূমিকা রাখবে। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক ধারণা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে তিনি সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের আলোকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা কামনা করছি।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









