আইন-আদালত

কাইয়ুমের প্রার্থিতা বাতিলের দাবিতে আপিল বিভাগে নাহিদের আবেদন

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগের দ্বারস্থ হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এর আগে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে।

শনিবার নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান যে চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। অন্যদিকে কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে রিটটি দায়ের করা হয়েছিল যেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language