প্রশাসনের প্রতি রুমিন ফারহানার কড়া হুঁশিয়ারি, নিরপেক্ষ থাকার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া, ৬ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
অভিযোগ দায়ের করার পর বৃহস্পতিবার রাতে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক জনসভা থেকে স্থানীয় প্রশাসনের প্রতি কড়া বার্তা দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্গত সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামে বক্তব্য রাখেন। জনসভায় রুমিন ফারহানা বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকার।
এই সরকারের সময়ে পুলিশ ও প্রশাসনের সদস্যদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। তিনি স্পষ্ট করে বলেন, কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না এবং অতীতের মতো কোনো পুনরাবৃত্তি জনগণ দেখতে চায় না। প্রশাসনের কর্মকর্তাদের জনবান্ধব আচরণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা রাজা নন বরং সাধারণ মানুষের করের টাকায় তাদের বেতন হয়।
তাই সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও নম্রভাবে কথা বলার পাশাপাশি আইন অনুযায়ী সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। পুলিশ ও প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে মানুষ তাদের ক্ষমতার প্রমাণ দিয়েছে। তাই জনগণকে ক্ষুব্ধ না করে তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের প্রতিনিধিদের অন্যায়ভাবে সরানোর চেষ্টা করা হলে এলাকাবাসী তার সমুচিত জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









