সামাজিক উন্নয়নে জনমুখী নীতি ও বৈশ্বিক সংহতির আহ্বান বাংলাদেশের

নিউইয়র্ক, ৪ ফেব্রুয়ারি – সামাজিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে বৈশ্বিক সংহতি এবং জনমুখী নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সামাজিক উন্নয়ন কমিশনের ৬৪তম অধিবেশনে এই আহ্বান জানানো হয়।
এতে সবার জন্য সমান সুযোগ সুবিধাসহ একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে মানুষকে স্থান দেওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। তিনি অধিবেশনে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন। সেখানে গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মতো বিষয়গুলো প্রাধান্য পায়।
এছাড়া ঋণের বোঝা থেকে মুক্তি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বিভিন্ন কারণে নিপীড়নের শিকার হয়ে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া সামাজিক উন্নয়ন কমিশনের এই ৬৪তম অধিবেশন আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উল্লেখ্য যে বাংলাদেশ ২০২৩ সাল থেকে ২০২৭ মেয়াদ পর্যন্ত এই কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









