নবাবগঞ্জে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জ, ৪ ফেব্রুয়ারি – আসন্ন নির্বাচনের পূর্বেই নবম পে স্কেল বাস্তবায়নের জোর দাবিতে ঢাকার নবাবগঞ্জে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছেন ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে তারা এই কর্মসূচি পালন করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টার দিকে জড়ো হয়ে আন্দোলনকারীরা অবিলম্বে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকরের দাবি জানান।
সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন যে সরকারি চাকরিতে প্রতি পাঁচ বছর পর নতুন পে স্কেল প্রদানের নিয়ম থাকলেও ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে নিম্ন গ্রেডের কর্মচারীরা বর্তমানে চরম আর্থিক সংকটে দিনযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত কর্মচারীরা।
এ এম/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









