জাতীয়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৫ এপ্রিল – ২০২৬ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। এই তালিকায় বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের সারিতে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

টাইমের এই তালিকায় অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, পোপ চতুর্দশ লিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম।

তালিকায় আরও স্থান পেয়েছেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তারেক রহমান সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে যে, মাত্র কয়েক মাস আগেও তিনি লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন অতিবাহিত করছিলেন। তবে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়।

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে তিনি দেশের নেতৃত্বের কেন্দ্রীয় চরিত্রে আসীন হন। এই জয় তাকে তার পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের ধারায় পুনরায় প্রতিষ্ঠিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তার জন্য এক গভীর শোকের বিষয় ছিল।

বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি ও তরুণদের বেকারত্বের মতো বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একইসঙ্গে আঞ্চলিক পরাশক্তি ভারতের সাথে সম্পর্কের উন্নয়নও তার সরকারের অন্যতম অগ্রাধিকার।

তারেক রহমান জানান, দেশের ১৭ কোটি ৫০ লাখ মানুষের ঐক্য নিশ্চিত করা এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য।

এনএন/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language