প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করল ইসি

শেরপুর, ৪ ফেব্রুয়ারি – শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ইসি সূত্রে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে। আইন অনুযায়ী আপাতত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে এই আসনে নির্বাচনের জন্য নতুন তপশিল ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং শোক প্রকাশ করা হয়েছে।
এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬









