আইন-আদালত

বিচারকের ওপর হামলাকারী যুবকের ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি – চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় বিচারকের ওপর হামলা মামলায় আলী আকবর ইকবাল নামে এক আসামিকে পাঁচ বছরের সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আলী ইকবাল একটি হত্যা মামলার আসামি ও বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি ইকবালের ছেলে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য হাজি ইকবালকে ১০ বছর আগে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার চট্টগ্রামের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেয়।

দণ্ডিত আলী আকবর ইকবাল যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। তার বাবা হাজি ইকবালও একই মামলার আসামি।

আরও পড়ুন : এরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বলেন, ওই হামলার ঘটনায় করা মামলায় আলী আকবরকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামি হাসান আলী জিসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গত বছর ২০ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতের আউটার রিং রোড এলাকায় উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে আসছিল আলী আকবর ও হাসান আলী জিসান। ওই পথ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিনের গাড়িচালক এর প্রতিবাদ করেন।

সেদিন পুলিশ জানায়, ওই দুই যুবক চালককে মারধর করলে বিচারক প্রতিবাদ করেন। এ সময় বিচারককেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা আলী আকবর ও হাসান আলীকে আটক করে পুলিশে দেয়। হামলার ঘটনায় হাতে আঘাত পান পঞ্চম যুগ্ম জেলা জজ।

এ ঘটনায় বিচারকের গাড়িচালক বাদী হয়ে আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই দুজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। এ মামলায় আদালতে ঘটনার শিকার বিচারকও সাক্ষ্য দেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে খুন হন যুবলীগকর্মী মহিউদ্দিন। ওই হত্যা মামলায় হাজি ইকবাল তার ছেলে আলী আকবর আসামি ছিল। তখন আলী আকবর ঢাকা থেকে গ্রেপ্তারও হয়েছিল। পরে জামিনে মুক্তি পায়। ১০ বছর আগে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য হাজি ইকবালকে বহিষ্কার করা হয় বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পদ থেকে। এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হাজি ইকবাল এখনো বন্দর থানা এলাকায় আওয়ামী লীগ নেতা পরিচয় দেন।

সূত্র : দেশ রুপান্তর
এন এইচ, ১২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language