জাতীয়

নোয়াখালীতে নির্বাচনের নিরাপত্তায় সাত বাহিনীর ১৬ হাজার সদস্য মোতায়েন

নোয়াখালী, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নোয়াখালী জেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাতটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে নোয়াখালী সদর উপজেলাসহ জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট বাক্স পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত নিরাপত্তা সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ৭০০ জন, বর্ডার গার্ড বাংলাদেশের বা বিজিবির ২৫০ জন, পুলিশের ২ হাজার ৬৫০ জন, র‌্যাবের ১০০ জন, নৌবাহিনীর ২৪০ জন, কোস্টগার্ডের ১ হাজার ৬৪ জন এবং আনসার বাহিনীর ১১ হাজার ৩৭৫ জন সদস্য রয়েছেন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় নোয়াখালী ৬ বা হাতিয়া আসনটি বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল হওয়ায় সেখানে মূলত কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে।

জেলার বাকি পাঁচটি আসনে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকছেন। জেলায় মোট ছয়টি আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটারের সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইতিমধ্যেই ব্যালট পেপার ও আনুষঙ্গিক ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language