ক্ষমতায় এলে সব সুবিধা এক কার্ডে মিলবে, রাজনীতি এখন কার্ডের দখলে

ঢাকা, ৩১ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, “এখন তো কার্ডের রাজনীতি চলছে। আমাদের মতে, একটি মাত্র কার্ডই প্রয়োজন, সেটা হবে এনআইডি বা নাগরিক কার্ড। ক্ষমতায় এলে আমরা এক কার্ডের মাধ্যমে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করব।”
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন। নাহিদ আরও জানান, পুরনো দলের সঙ্গে জোট গঠন সত্ত্বেও তারা তাদের নতুন লক্ষ্য থেকে সরে আসেনি এবং জোট ক্ষমতায় এলে অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “ভিন্ন ভিন্ন দল থাকলেও জোট সরকার কোনো একটি দলের পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা বাস্তবায়নযোগ্য ইশতেহার তৈরি করেছি। অনেকেই নির্বাচনের আগে বড় কথা বলে, কিন্তু আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি।”
নাহিদ বলেন, সরকার গঠনের পর শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন খাতে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









