কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

ঢাকা, ১৮ জানুায়রি – চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই মামলায় প্রথমে প্রসিকিউশন তাদের শুনানি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের শুনানি হবে। যদিও সাত আসামির কেউই এখনো গ্রেপ্তার হয়নি। তারা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ওই দিনই সাত আসামির আত্মসমর্পণের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু কেউ আদালতে হাজির হননি। এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২৯ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। তবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি। পরে ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
ওবায়দুল কাদের ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেয়। একই দিন সকালে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। মামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার নির্দেশ, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়েছে।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬









