আইন-আদালত

টিএফআই সেল পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা

ঢাকা, ১৫ জানুয়ারি – র‍্যাবের গুমঘর হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শনের অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে সাত সেনা কর্মকর্তার পক্ষে থাকা আইনজীবী তাবারক হোসেন জানান, আনুষ্ঠানিক অভিযোগে উল্লিখিত ঘটনাস্থল পরিদর্শনের জন্য তারা আবেদন করেছিলেন, যা আদালত মঞ্জুর করেছেন।

তিনি বলেন, আদালত আমাদের পক্ষে অনুমতি দিয়েছেন। তবে প্রসিকিউশন পক্ষও পরিদর্শনে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ডিফেন্সের কাজে কোনো বাধা না হলে এতে আমাদের আপত্তি নেই। প্রসিকিউশনের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে পরিদর্শনের সময় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত বছরের ২২ ডিসেম্বর পাঁচটি অভিযোগ গঠন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন।

এ মামলায় মোট ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়েছেন, যাদের সবাই সেনা কর্মকর্তা। গ্রেপ্তার ১০ জনের মধ্যে সাতজনের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন তাবারক হোসেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে বিরোধী মতাদর্শ এবং প্রতিপক্ষ দমনের কৌশল হিসেবে শেখ হাসিনার সরকারের আমলে পদ্ধতিগতভাবে ক্রসফায়ারের নামে হত্যা, গুম, অপহরণ এবং গোপন স্থানে আটক রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। র‍্যাবের সদর দপ্তরসহ বিভিন্ন ব্যাটালিয়নে গড়ে তোলা হয় গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র। রাজধানীর উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়নের কম্পাউন্ডে পুরোনো অস্ত্রাগারসংলগ্ন একটি দ্বিতল ভবনে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলটি অবস্থিত ছিল বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language