জাতীয়

অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম

ঢাকা, ০৯ জানুয়ারি – সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি সাংবাদিক হিসেবে খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা, তার রাজনৈতিক দৃঢ়তা এবং ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরেন।

পোস্টে আসিফ নজরুল নিজেকে খালেদা জিয়ার ‘ভক্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সরকারের পুরো সময়জুড়েই বিএনপি চেয়ারপারসনের প্রতি তার শ্রদ্ধা ও সমর্থন অটুট ছিল। পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন তিনি, যেখানে দেখা যায়—খালেদা জিয়ার কফিনে মোড়ানো জাতীয় পতাকা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিচ্ছেন।

আসিফ নজরুল লেখেন, ১৯৮৮-৮৯ সালে ধানমণ্ডিতে বিএনপির তৎকালীন কার্যালয়ে খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি মুখোমুখি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। সে সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও খালেদা জিয়া দৃঢ়তা ও সৌজন্যের সঙ্গে তার প্রশ্নের জবাব দেন।

তিনি উল্লেখ করেন, ওই সাক্ষাৎকারের সময় একটি প্রশ্ন নিয়ে দলের এক জ্যেষ্ঠ নেতার আপত্তি উঠলেও খালেদা জিয়া নিজেই তাকে থামিয়ে দিয়ে হাসিমুখে প্রশ্নের উত্তর দেন। এরপর সাপ্তাহিক বিচিত্রার জন্য তিনি আরও কয়েকবার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নেন।

পোস্টে আসিফ নজরুল আরও লেখেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, অপবাদ ও রাজনৈতিক হয়রানি শুরু হলেও তিনি সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের সঙ্গে সবকিছু মোকাবিলা করেছেন। এ সময় তিনি প্রকাশ্যেই খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল।

খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই দিন তিনি দীর্ঘ সময় তার পরিবারের পাশে ছিলেন এবং প্রথম দোয়ায় শরিক হন। জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার কফিন তারেক রহমানের হাতে তুলে দেওয়ার সুযোগ পাওয়াকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন তিনি।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language