আইন-আদালত

দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট

ঢাকা, ০৮ জানুয়ারি – সুপ্রিম কোর্টে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক অফিস আদেশ বুধবার (৭ জানুয়ারি) জারি করা হয়।

আদেশে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি ও প্রস্থান, নির্ধারিত ডেস্কে নিয়মিত অবস্থান, পরিচ্ছন্নতা, পোশাক নীতি, নিরাপত্তা নিশ্চিতকরণ, সততা ও তদারকির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

‘দুর্নীতি প্রতিরোধ ও সততা’ শিরোনামে আদেশে বলা হয়, সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের বিধিমালা অনুযায়ী আদালত প্রাঙ্গণে কোনো মিছিল, স্লোগান, সভা বা বিক্ষোভ করা যাবে না। সুপ্রিম কোর্ট এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক ও মাদক বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নির্ধারিত স্থান ছাড়া কোথাও গাড়ি বা রিকশা পার্ক করাও নিষিদ্ধ থাকবে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language