বিএনপির গুলশান কার্যালয়ের সামনে গ্রেফতার যুবক তিন দিনের রিমান্ডে

ঢাকা, ০৫ জানুয়ারি – বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া যুবক ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন গুলশান থানায় দায়ের করা প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় আসামি ইনামে হামীমকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি অসৎ উদ্দেশ্যে নিজের একাধিক জাতীয় পরিচয়পত্র জালভাবে তৈরি করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং নাশকতার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
আবেদনে আরও বলা হয়, গ্রেফতার ইনামে হামীম নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র বহন করছিলেন, যা যে কোনো সময় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
প্রাথমিক তদন্তে আসামির সংশ্লিষ্টতার পক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে জানিয়ে মামলার মূল রহস্য উদঘাটনের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদন করা হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাত দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইনামে হামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ইনামে হামীমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথা বলায় তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬









