
অস্ট্রেলিয়ার ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায় যুক্ত হলো ২০২৫ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায়। সিডনির বিশ্ববিখ্যাত বন্ডাই বিচে ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন নিরীহ মানুষ। আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শুরু হওয়া এই হামলাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে সিডনির প্রাণকেন্দ্রকে আতঙ্কে পরিণত করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। প্রায় সাত থেকে দশ মিনিট ধরে একের পর এক গুলির শব্দে সৈকতজুড়ে ভয়াবহ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারীরা ছিলেন বাবা ও ছেলে। ৫০ বছর বয়সী সাজিদ আকরাম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন। তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হলেও পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছে।
তবে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকারীরা দক্ষিণ এশীয় বংশোদ্ভুত এবং চরমপন্থী মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল বলে তদন্তে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত তথ্য প্রকাশে আইনশৃঙ্খলা বাহিনী এখনো সতর্ক অবস্থান নিয়েছে।
সাজিদ আকরাম ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশ করেন। তার ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা ও বেড়ে ওঠা অস্ট্রেলীয় সমাজেই। জানা গেছে ২০১৯ সালে সন্ত্রাসবিরোধী সংস্থার নজরে এসেছিলেন নাভিদ আকরাম। সে সময় ছয় মাসের তদন্তে কোনো তাৎক্ষণিক হুমকির প্রমাণ না পাওয়ায় তাকে সক্রিয় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়নি। এই বিষয়টি এখন নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
পুলিশ জানায়, হামলাকারীদের গাড়ি থেকে তাৎক্ষণিক বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধার করা হয়েছে এবং গাড়িতে ইসলামিক স্টেট সংগঠনের পতাকা পাওয়া গেছে।
এই হামলার পর অস্ট্রেলিয়ার কঠোর আগ্নেয়াস্ত্র আইন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, নিহত হামলাকারী সাজিদ আকরামের কাছে বৈধভাবে নিবন্ধিত ছয়টি আগ্নেয়াস্ত্র ছিল। পরিসংখ্যান অনুযায়ী, নিউ সাউথ ওয়েলসে ২ লাখ ৫৯ হাজারের বেশি লাইসেন্সধারীর কাছে মোট ১১ লাখের বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। গড়ে প্রতিটি লাইসেন্সধারীর কাছে চারটির বেশি অস্ত্র। একজন ব্যক্তির কাছে সর্বোচ্চ ২৯৮টি অস্ত্র থাকার তথ্যও নথিভুক্ত রয়েছে। এই বাস্তবতা সামনে আসার পর রাজ্য সরকার অস্ত্র আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, লাইসেন্সের মেয়াদ, অস্ত্রের সংখ্যা ও অনুমোদিত পরিবর্তন বিষয়ে নতুন সীমাবদ্ধতা আরোপ করা হবে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স জানান, রাজ্য সংসদ ডেকে দেশের সবচেয়ে কঠোর অস্ত্র আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

এই অন্ধকার ঘটনার মাঝেও মানবিক সাহসের এক অনন্য দৃষ্টান্ত সামনে এসেছে। ৪৩ বছর বয়সী দোকানদার আহমেদ আল আহমেদ এক বন্দুকধারীর দিকে দৌড়ে গিয়ে তার অস্ত্র কেড়ে নেন এবং তাকে পিছু হটতে বাধ্য করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নিজের জীবন বাজি রেখে তিনি অন্যদের বাঁচানোর চেষ্টা করেন। এতে তিনি কাঁধ ও হাতে চার-পাঁচবার গুলিবিদ্ধ হন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার নিজে হাসপাতালে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে সরাসরি “রিয়েল লাইফ হিরো” বলেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া থেকে আসা অভিবাসী আহমেদের বাবা-মা বলেন, তাদের ছেলে কোনো জাতি বা ধর্মের কথা ভাবেনি। মানুষ বাঁচাতেই সে এগিয়ে গেছে।

নিহতদের বয়স ছিল ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। ব্রিটিশ বংশোদ্ভূত রাব্বি এলি শ্ল্যাঙ্গার, যিনি অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন, হামলায় নিহত হন। তার চাচাতো ভাই জানান, তিনি মানুষকে ভালোবাসতেন এবং সদ্য একটি কমিউনিটি সেন্টার খুলেছিলেন।
নিহতদের মধ্যে রয়েছেন হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া অ্যালেক্স ক্লেইটম্যান, ফরাসি নাগরিক ড্যান এলকায়াম, সাবেক পুলিশ কর্মকর্তা ও আলোকচিত্রী পিটার মেহার এবং সত্তরের কোঠায় বয়সী টিবর ভাইৎজেন, যিনি এক বন্ধুকে আড়াল করে বাঁচাতে গিয়ে প্রাণ হারান।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ১০ বছর বয়সী ম্যাটিল্ডার মৃত্যু। তার খালা বলেন, সে ছিল প্রাণবন্ত ও হাসিখুশি শিশু। তার ছোট বোন শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে গভীর আঘাতে বিপর্যস্ত।

হামলার পর বন্ডাই প্যাভিলিয়নে হাজারো মানুষ ফুল, মোমবাতি ও নোট রেখে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে লেখা ছিল, আমরা ঐক্যবদ্ধ, ঘৃণা নয় ভালোবাসা। পরিবেশ ছিল ভারী ও স্তব্ধ।
পোপ লিও এই হামলাকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাস বলে নিন্দা জানিয়ে বলেন, ঘৃণা হৃদয় থেকে মুছে ফেলতে হবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বহু দেশের নেতারা অস্ট্রেলিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছেন।
আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন দেখা দিলে সিডনির মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। লাইফব্লাডের ওয়েবসাইট অতিরিক্ত চাপ সামলাতে না পেরে অচল হয়ে পড়ে। টাউন হলে ছয় থেকে সাত ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মানুষ রক্ত দিয়েছেন। একজন তরুণ বলেন, প্রার্থনার পাশাপাশি এটুকুই বাস্তব সাহায্য।
এই হামলার পরিণামে অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বিশ্বে চরমপন্থা, অভিবাসন, নাগরিক নজরদারি এবং ধর্মীয় সহাবস্থান নিয়ে রাজনৈতিক ভাষ্য আরও কঠোর ও আবেগপ্রবণ হয়ে উঠছে।
এই হামলা শুধু একটি সন্ত্রাসী আক্রমণ নয়। এটি অস্ট্রেলিয়ার সামাজিক সহনশীলতা, নিরাপত্তা কাঠামো এবং চরমপন্থা মোকাবিলার প্রস্তুতির ওপর গভীর প্রশ্ন তুলে দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করবে এবং সবাইকে সঙ্গে নিয়ে এই ক্ষত কাটিয়ে উঠবে।
এই হামলার প্রতিক্রিয়ায় অষ্ট্রেলিয়াসহ পশ্চিমা বিশ্বের কট্টর ডানপন্থী গোষ্ঠীর বক্তব্যকে আরও জোরালো করার সুযোগ করে দিলো। এমনিতে বিভিন্ন দেশে এমন রাজনৈতিক শক্তি রয়েছে যারা মুসলিম অভিবাসন, আশ্রয়প্রার্থী এবং বহুসাংস্কৃতিক সমাজব্যবস্থার বিরোধিতা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তৃতায় ইতিমধ্যে এমন বয়ান দেখা যাচ্ছে, যেখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলমানদের উপর সামগ্রিক দায় চাপানোর চেষ্টা চলছে এবং ঘৃণামূলক মন্তব্য বাড়তে দেখা যাচ্ছে।
তবে হামলাকারীরা মুসলিম পরিচয়ের হলেও তারা পুরো মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে না বলে মনে করেন মুসলিম নেতৃবৃন্দ ও সাধারণ মুসলমানরা। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ইউরোপের বহু নাগরিক, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা স্পষ্টভাবে বলেছেন, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। আহমেদ আল আহমেদের মতো একজন মুসলমানের সাহসিকতা এই বক্তব্যকে আরও শক্তিশালী করেছে। বহু পশ্চিমা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হচ্ছে, মানবিকতা ধর্মের ঊর্ধ্বে।
বন্ডাই বিচ আজ আবারও সূর্যের আলোয় ঝলমল করছে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রইল এক গভীর ক্ষত, যা অস্ট্রেলিয়ার সামষ্টিক স্মৃতিতে দীর্ঘদিন থেকে যাবে। এই ঘটনা কেবল একটি সন্ত্রাসী হামলার গল্প নয়; এটি একটি বহুসাংস্কৃতিক সমাজের জন্য সতর্কবার্তা। যেখানে নিরাপত্তা, সহাবস্থান এবং মানবিক মূল্যবোধকে নতুন করে সংজ্ঞায়িত করতে হবে।









