সচেতনতা

শীতকালে খুশকি দূর করার ঘরোয়া সমাধান

শীতকাল এলেই অনেকের মাথায় দেখা দেয় বিরক্তিকর খুশকির সমস্যা। শুষ্ক আবহাওয়া ও রুক্ষ ত্বকের কারণে এ সময়ে খুশকি বেড়ে যায়। শুধু তাই নয়, কেউ কেউ সারা বছরই এ সমস্যায় ভোগেন। অনেকে নানা রকম কেমিক্যালযুক্ত হেয়ার প্রডাক্ট ব্যবহার করেও দীর্ঘস্থায়ী সমাধান পান না।

পুষ্টিবিদদের মতে, খুশকির মূল কারণ যদি হয় ধুলো-ময়লা, ঘাম জমা বা অপরিষ্কার স্ক্যাল্প, তাহলে শুধু শ্যাম্পু করেই তা দূর করা সম্ভব নয়। তবে ঘরোয়া কিছু সহজ উপায় মেনে চললে খুশকি অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়।

টক দই ব্যবহার করুন

টক দই মাথার ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে এবং প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। মাথার ত্বকে টক দই লাগিয়ে ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করলে খুশকি কমবে।

লেবুর খোসার পানি

লেবুর খোসায় রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান, যা খুশকি দূর করতে কার্যকর। ৪–৫টি লেবুর খোসা ৪–৫ কাপ পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর সেই পানি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

ভিনেগার ব্যবহার

ভিনেগার মাথার পিএইচ ব্যালান্স ঠিক রাখে এবং খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। শ্যাম্পু করার পর এক গ্লাস পানিতে ১ চামচ ভিনেগার মিশিয়ে শেষবার চুল ধুয়ে নিন। তবে এক চামচের বেশি ব্যবহার করা উচিত নয়, এতে চুল রুক্ষ হয়ে যেতে পারে।

অতিরিক্ত যত্নে যা করবেন

১. নিয়মিত চুল পরিষ্কার রাখুন
২. গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করুন
৩. মাথায় ঘাম জমে গেলে দ্রুত ধুয়ে ফেলুন।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এসব ঘরোয়া পদ্ধতি মেনে চললে শীতকালেও খুশকির সমস্যা অনেকটাই কমে যাবে। কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়েই পাওয়া যাবে পরিষ্কার ও সুস্থ চুল।

এনএন


Back to top button
🌐 Read in Your Language