জাতীয়

ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়

ঢাকা, ১৬ জুলাই – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গোপালগঞ্জের সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।’

তিনি অভিযোগ করেন, ‘সারা দেশের লীগের (নিষিদ্ধঘোষিত) দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। আজকের হামলা প্রমাণ করে তারা ১১ মাসেও অনুশোচনার বোধ থেকে একচুলও সরেনি। বরং আরও প্রতিশোধপরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে।’

নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি গোপালগঞ্জকে সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা “ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ” করব।’

এছাড়া তিনি গোপালগঞ্জবাসীকে উদ্দেশ করে বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন। পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’

প্রসঙ্গত, বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের বহর ফেরার পথে একাধিকবার হামলার শিকার হয়। এনসিপির অভিযোগ, হামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। এতে ৪জন নিহত হন এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধ হন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language