অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো

ঢাকা, ০৪ জুন – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, অতিরিক্ত যাত্রীও নেয়া যাবে না, ভাড়াও অতিরিক্ত নেয়া যাবে না। যদি ভাড়ার বিষয়ে কারও অভিযোগ থাকে তাহলে মালিক শ্রমিক পক্ষ অথবা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।
বুধবার (৪ জুন) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব বলেন তিনি।
মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা দেখেছি গতবারের যে ভাড়া সে ভাড়ার সঙ্গে এবারের ভাড়ার রেটও একই আছে। এখানে চার্টে যে রেট আছে সেই রেটেই ভাড়া নিচ্ছে। কেউ যাতে ভাড়া বেশি না নেয় সেজন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই খুব সতর্ক। যদি কারোর ভাড়ার বিষয়ে অভিযোগ থাকে তাহলে মালিক শ্রমিক পক্ষ অথবা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত যাত্রীও নেয়া যাবে না, ভাড়াও অতিরিক্ত নেয়া যাবে না।
নিরাপদ ঈদযাত্রার জন্য কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। আমি আশা করব এবারের ঈদ যাত্রা ও নির্বিঘ্ন হবে।
সড়কে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সড়কে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ বাহিনীসহ অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনী সবাই সচেতন।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৪ জুন ২০২৫









